গাজীপুরে নারীর ঝুলন্ত লাশ, স্বামী-সতিন আটক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী ও সতিনকে আটক করেছে।
শ্রীপুর থানার এসআই মফিজুর রহমান মল্লিক জানান, মাওনা উত্তরপাড়া গ্রামে রোকন মিয়ার বাড়ি থেকে বিউটি রানী দাসের (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত বিউটি নীলফামারীর জলডাঙ্গা উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের পরিতোষের স্ত্রী।
বিউটি রোকন মিয়ার বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থেকে মাওনা এলাকায় জাবের স্পিনিং মিলে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
এসআই মফিজুর প্রাথমিক তদন্তের বরাতে বলেন, রোকন মিয়ার বাড়িতে পরিতোষ তার প্রথম স্ত্রী ববিতা রানী ও দ্বিতীয় স্ত্রী বিউটিকে নিয়ে ভাড়া বাসায় থাকেন।
“বুধবার স্বামী ও সতিনের সঙ্গে বিউটির ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে ওই বাসা থেকে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিতোষ ও ববিতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
