২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিই খালেদাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 05:03 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

বৃহস্পতিবার ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, “আওয়ামী লীগ নয়, বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। তারা চায়, খালেদা জিয়া কারাগারে থাকুন।”

বিএনপি চেয়ারপারসনকে আন্দোলন করে মুক্ত করা যাবে না। আইনি প্রক্রিয়ায় কারাগার থেকে বের হতে হবে, বলেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এ নেতা বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে দেশে নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া জয়লাভ করার মত অন্য কোনো দল নেই মন্তব্য করে তিনি বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার মত কোনো অর্জন বিএনপির নেই।

আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে প্রায় দুই হাজার নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেন ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি এম হারুন অর রশীদ। এছাড়া বিএনপি থেকেও কয়েকজন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন এ সম্মেলনে।