কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. তারিকুল ইসলাম জানান।
মৃত রবিউল (৪৫) কুমিল্লার মাইনকারচর এলাকার আবুল খায়েরের ছেলে। ঢাকার খিলগাঁও থানার মাদক আইনের এক মামলার আসামি ছিলেন তিনি। এ বছরের ৭ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তাকে স্থানান্তরিত করা হয়।
রবিউল যক্ষ্মায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
জেলার তারিকুল বলেন, রবিউল বুধবার রাতে হঠাৎ অসুস্থ্ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত সোয়া ২টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোরে তার মৃত্যু হয়।
দুপুরে হাসপাতাল মর্গে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
