শরীয়তপুরে পুকুর পাড়ে ব্যবসায়ীর লাশ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একটি পুকুরের পাড় থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়নের মৌলভী বাজার সংলগ্ন সিরাজ রাড়ীর পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গোসাইরহাট থানার ওসি মো. মেহেদী মাসুদ জানান।
নিহত শহীদ খান (৪০) উপজেলার সামন্তসার ইউনিয়নের পূর্ব লাকাচুয়া গ্রামের মৃত মকদুম আলী খানের ছেলে। একই এলাকার বাংলা বাজারে ফার্নিচারের ব্যবসা করেন তিনি।
ওসি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শহীদ। এরপর আর তিনি বাড়ি ফিরেননি।
“বুধবার বেলা ২টার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি পুকুরের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
