২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির সমালোচনায় তিন নোবেলজয়ী নারী

নির্যাতনের শিকার রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার এসে শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী মিয়ানমার সরকার ও অং সান সু চির সমালোচনা করেছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 06:20 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

পুরনো খবর:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নোবেল জয়ী ৩ নারী

মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার, ইরানের শিরিন এবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তম্ব্রু নো-ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

এ সময় তারা নির্যাতনের বর্ণনা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

গত রোববার থেকে তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে নারী, পুরুষ ও শিশুদের উপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো নির্যাতনের বিবরণ শোনেন। 

নো-ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, সকালে নোবেল জয়ী তিন নারী ক্যাম্পে এসে পৌঁছেন। এরপর তারা মিয়ানমারের রাখাইনে ধর্ষণের শিকার চারজন নারীর মুখে নির্যাতনের কথা শোনেন। এ সময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

তারা বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেন, বলেন দিল মোহাম্মদ।

ক্যাম্প পরিদর্শন শেষে এই তিন নারী মিয়ানমারের গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের কঠোর সমালোচনা করেন। এ সঙ্কট সমাধানে তারা আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহবান জানান।

ইরান, সৌদি আরব, কাতার, আরব আমিরাতের নীরব থাকার অভিযোগ তুলে তিনি সমগ্র মুসলিম বিশ্বকে রোহিঙ্গা সঙ্কট নিরসনে ভূমিকা রাখার আহবান জানান ইরানের শিরিন এবাদি।

রোহিঙ্গাদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে এর জন্য অং সান সুচির পদত্যাগ করা উচিত বলে মনে করেন ইয়েমেনের তাওয়াক্কল কারমান।

শান্তিতে নোবেল বিজয়ী একজন নারী এবং পাশপাশি তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর বলে এর দায়ভার তিনি এড়াতে পারেন না বলেও কাওয়াক্কল মন্তব্য করেন।

এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

রোহিঙ্গা নারীদের যেভাবে ধর্ষণ, উৎপীড়ন ও নির্যাতন করা হয়েছে এজন্য অং সান সুচি ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন উত্তর আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার।

রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে সসম্মানে মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক বিশ্বকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করার আহবান জানান তিনি।

রোববার এই তিন নারী কক্সবাজার আসেন। সেদিন থেকেই তারা ক্যাম্প পরিদর্শন শুরু করেন। রোববার ও সোমবার তারা উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালীর তাজনিমারখোলা ক্যাম্প পরিদর্শন করে ক্যাম্পের সার্বিক অবস্থান এবং রোহিঙ্গাদের জীবনযাপনের খোঁজ খবর নেন। সেসব ক্যাম্পেও তারা ধর্ষিতা রোহিঙ্গা নারী, নির্যাতনের শিকার পুরুষ ও শিশুর সাথে কথা বলেন।

সামরিক বাহিনীর নির্যাতনের মুখে গত বছরের অগাস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে অন্তত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।