কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছে অন্তত ১৩ জন।
সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকার কুমিল্লা-নোয়াখালী সড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান।
নিহতের বাড়ি ওই উপজেলা গইয়েরভাঙ্গা গ্রামে বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি নজরুল বলেন, নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা থেকে শাহআলী সুপার পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রীর মৃত্যু ও ১৩ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
