সিলেটে আগুনে পুড়েছে ৩ দোকান
সিলেট নগরীর বন্দরবাজারে একটি মার্কেটে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে।
রোববার সন্ধ্যায় মহাজনপট্টি কাষ্টঘর সংলগ্ন আল খাজা মার্কেটে আগুন লাগে বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রফিক।
তিনি জানান, আল খাজা মার্কেটের তিন তলায় হাজী আমিন অ্যান্ড সন্স নামের প্রতিষ্ঠানের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের নিউ মার্কেট এলাকার পাঁচ তলার দুটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে তিনি জানান।
আগুনে প্রায় অর্ধ কোটি টাকার বেশি মূল্যের পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ব্যাবসায়ীরা।
শিমুল মো. রফিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
