ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে রাজমিস্ত্রির লাশ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন থেকে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে; ট্রেনের ধাক্কায় যার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহত মিজানুর রহমান (২০) জেলার বিজয়নগর উপজেলার দত্তপাড়া গ্রামের শরীফ হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সানাউল ইসলাম বলেন, সোমবার বিকালে দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের অদূরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
“লাশটা রেললাইনে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রতিনিধি/টিকে
