পরকীয়ার অভিযোগ তুলে গৃহবধূকে নির্যাতন, দুই নারী আটক
ময়মনসিংহের গৌরীপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে নির্যাতন করায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার ইসলামাবাদ গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী জানান।
আটকরা হলেন ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী টুকুনি বেগম ও টুকুনির মা হাবিলা আক্তার।
নির্যাতনের শিকার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, নির্যাতিতার শরীর এবং যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুস্থ হতে সময় লাগবে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শহীদ মিয়ার সঙ্গে পরকীয়ার অপবাদ দিয়ে শনিবার ওই নারীকে মারধর করে টুকুনি ও তার মা। তার চুল কেটে, নাকে মুখে কালি দিয়ে, লাঠি দিয়ে রাস্তার উপর ফেলে পেটায় তারা। পরে রাতে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন বলে জানান তিনি।
