২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের নামে বিশৃঙ্খলায় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2018, 06:29 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রী বলেন, আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। আইন অনুযারী বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে তিনি বলেন, যারা রায় নিয়ে কথা বলছেন তারা বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলছেন। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। রায়ের ব্যাপারে সরকারের কোনো প্রভাব নেই।

খালেদা জিয়া কারাগারে থাকাতে আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের পাঁচ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির রচিত ‘আমার জীবনস্মৃতি-২’ এর মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমরা কোনো শান্তিপূর্ণ  সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক অনুষ্ঠানে বাধা দেই না।”

তবে সমাবেশের উপর ঢাকায় যে নিষেধাজ্ঞা ছিল তা এখনও প্রত্যাহার হয়নি। তা প্রত্যাহার হলে ঢাকার পুলিশ কমিশনার এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে তিনি উল্লেখ করেন।

“বিএনপির কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মুখে পুলিশকে বেধড়ক পেটানো হলো, পুলিশের পিঠে রাইফেল ভাঙা হলো, প্রিজনার ভ্যান ভেঙে আসামি ছিনিয়ে নেওয়া হলো, তারপরও পুলিশ ফায়ার ওপেন করেনি।”

ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এম মুনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।