২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর ভাষাসৈনিক তাহের উদ্দীন মারা গেছেন

নওগাঁর সাপাহার উপজেলার মুক্তিযোদ্ধা, ভাষাসেনিক তাহের উদ্দীন আহাম্মেদ মারা গেছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2018, 09:50 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

তাহেরের ছোট ভাই পত্নীতলা থানা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক হোসেন জানান, শুক্রবার জুমার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাহমুদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বার্ধক্যজনিত কারণে ৯৭ বছর বয়সে বৃহস্পতিবার তার মৃত্যু হয় জানিয়ে ইসাহাক বলেন, তাহের ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ নেন।

“তিনি ১৯৭৯ সালে সাপাহার থানা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সাপাহারে প্রথম বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা ও পরে জাতীয়করণে উল্লেখযোগ্য অবদান রাখেন। এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে সর্ম্পৃক্ত ছিলেন। তিনি একজন সৎ রাজনীতিবিদ ও সাদামনের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাকে হারিয়ে সাপাহারবাসী একজন অবিভাবককে হারালেন।”

তাহের ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শহরকুড়ি গ্রামে জম্মগ্রহণ করেন বলে জানান ইসাহাক।

জানাজায় নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার, সাপাহার উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, পোরশা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি অংশ নেন বলে জানান সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ।