২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের ‘১৫ লাখ টাকাসহ’ ব্যবস্থাপক উধাও

যশোরের শার্শার একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপকের বিরুদ্দে পনেরো লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 09:06 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

'বুরুজবাগান জেনারেল হাসপাতালের' ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজু চৌধুরী বলেন, এই হাসপাতালের ব্যবস্থাপক তৌফিক এলাহী ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন। 

এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

শার্শা থানার ওসি এম মশিউর রহমান অভিযোগের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৬ সালের ডিসেম্বরে তৌফিক এলাহী বুরুজবাগান জেনারেল হাসপাতালে ব্যবস্থাপক পদে নিয়োগ পান৷

“তৌফিক এলাহী মাদকাসক্ত হওয়ায় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অবাহতি নিয়ে হিসাব বুঝিয়ে দিতে বলে। কিন্তু তৌফিক হিসাব বুঝিয়ে দিতে গড়িমসি করলে কর্তৃপক্ষ ওই পদে নতুন একজনকে নিয়োগ দেয়।”  

হাসপাতালের এমডি রাজু চৌধুরী বলেন, গত ৯ ফেব্রুয়ারি হাসপাতালের সব হিসাবের খাতাসহ তৌফিক আত্মগোপন করেন৷ অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রোববার তৌফিকের নামে শার্শা থানায় অভিযোগ করা হয়৷