কিশোরগঞ্জে অর্থ আত্মসাৎ: অডিটর ও অফিস সহায়ক রিমান্ডে
সরকারি তহবিলের ১৪ কোটি টাকা আত্মসাতের মামলায় আটক কিশোরগঞ্জের হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর ও অফিস সহায়ককে জিজ্ঞাসাবাদের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
রোববার কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আব্দুস ছালাম খান এই আদেশ দেন।
আসামিরা হলেন জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর মো. সহিদুজ্জামান ও অফিস সহায়ক মো. দুলাল মিয়া।
তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ হয়েছে।
দুদকের আইনজীবী পিপি আব্দুর রহমান জানান, গত ৬ই ফেব্রুয়ারি অডিটর ও অফিস সহায়ককে হিসাবরক্ষণ কার্যালয় থেকে দুদক কর্মকর্তারা গ্রেপ্তার করেছিলেন।
পিপি আব্দুর রহমান জানান, এর আগে ২রা ফেব্রুয়ারি ভূমি অধিগ্রহণের ১৪ কোটি টাকা আত্মসাতের মামলার আরেক আসামি কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম পাঁচদিনের রিমান্ড শেষে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
“টাকা আত্মসাতের কাজে সহায়তা করার জন্য অডিটর সৈয়দুজ্জামানকে পাঁচ লাখ আর অফিস সহায়ক দুলাল মিয়াকে এক লাখ টাকা দিয়েছেন বলে জানান তিনি।”
সেতাফুল ইসলাম বর্তমানে কিশোরগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
তাকে গত ১৭ই জানুয়ারি বর্তমান কর্মস্থল পিরোজপুর থেকে দুদক গ্রেপ্তার করে। ২৯ জানুয়ারি তিনি জেলার মুখ্য বিচারিক হাকিম আব্দুস ছালাম খান তাকে জিজ্ঞসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি কিশোরগঞ্জ থেকে বদলির পর একই পদে পিরোজপুর জেলায় দায়িত্বরত ছিলেন। সেতাফুল ইসলাম ঢাকার ডেমরা থানার পূর্ব ডগাইর এলাকার মো. দেদার আলী মোল্লার ছেলে।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে গত ১৭ই জানুয়ারি সেতাফুলকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কিশোরগঞ্জে কয়েকশ একর ভূমি অধিগ্রহণ করা হয়। এসব ভূমির মালিককে ক্ষতিপূরণের টাকা দেওয়ার সময় জালিয়াতির আশ্রয় নেন কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম।
জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দকৃত তহবিল থেকে চেকের মধ্যে সেতাফুল ইসলাম ৫ কোটি টাকা আত্মসাৎ করেন। এছাড়া ঘটনা জানতে পেরে শেষ মুহূর্তে আত্মসাতের প্রক্রিয়ায় থাকা আরও ৯ কোটি টাকার চেক জব্দ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
