ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৮
চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ময়মনসিংহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহ জিলা স্কুল কেন্দ্র থেকে একজন, সদর উপজেলার দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ছয়জন ও সুতিয়াখালী বড়বিলার পাড় রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এক জনকে শনিবার গণিত পরীক্ষা চলাকালে আটক করা হয়।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান এ কথা জানান।
গ্রেপ্তারদের মধ্যে এক নারীসহ চার অবিভাবক ও তিন শিক্ষার্থী রয়েছে।
এরা হলেন- অভিবাবক আরিফুল ইসলাম, রাকিব মিয়া, রফিকুল ইসলাম, সৌরভ বর্মন এবং ইসরাত জাহান।
ওসি আশিকুর বলেন, শনিবার গণিত পরীক্ষা শুরুর আগে ময়মনসিংহ জিলা স্কুলের গেটে ইসরাত নামের ওই নারীকে ঘিরে কিছু পরীক্ষার্থীকে জটলা করতে দেখা যায়। পরে ম্যাজিস্ট্রেট তাকে স্কুলের ভিতর নিয়ে গিয়ে তার মোবাইল ফোন দেখতে চান।
এ সময় তার মোবাইলের ফেইসবুক ম্যাসেঞ্জারে চলমান গণিত পরীক্ষার প্রশ্ন দেখে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ওই নারী প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেন।
আশিকুর বলেন, তার দেওয়া তথ্যে কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে থেকে আরিফুল, রাকিব ও রফিকুলসহ তিন পরীক্ষার্থী এবং রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়।
“তাদের মোবাইল ফোনের ম্যাসেঞ্জারেও চলমান পরীক্ষার প্রশ্ন পাওয়া গেছে।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় তিনটি পৃথক মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
