২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে আ. লীগের ২ পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সম্প্রতি সংঘর্ষে যুবলীগকর্মী সুমন আহম্মেদের মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের দুই পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 12:36 AM

Updated : 25 Jul 2022, 08:29 PM

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা রূপসী এলাকায় ও সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ প্রেসক্লাবে শনিবার বিকেলে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন মোল্লার সঙ্গে ছিলেন সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, নিহত সুমন মিয়ার বাবা মনু মিয়া, মা সাহিদা বেগম, মামলার বাদী নিহতের শাশুড়ি কাজল রেখা।

তোফাজ্জল হোসেন বলেন, “কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে পদ-পদবি নেই।

“এই আক্রোশে পরিকল্পিতভাবেই তার লোকজন সশস্ত্র হামলা চালিয়ে যুবলীগকর্মী সুমনকে গুলি করেছে। হত্যাকারীরা আসামিদের আড়াল করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।”

অপরদিকে প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, চেয়ারম্যান রফিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল বাশার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজাহান ভূইয়াঁ বলেন, “সুমন হত্যার ঘটনাটি থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়ারম্যান রফিকসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘিরে বিএনপিকর্মীদের ঠেকাতে মাঠে নামে এই দুই পক্ষ। তারপর নিজেরাই সংঘর্ষে জড়ালে পুলিশের সঙ্গে ত্রিমুখী পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগকর্মী সুমন মারা যান।