২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যান্টাসি কিংডমে সংঘর্ষ, আহত ৮

ঢাকার আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে আট শিক্ষার্থী আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 12:06 AM

Updated : 19 Aug 2022, 01:35 PM

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, ঢাকার ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শরণখোলার’ ৮০ জন সদস্য শুক্রবার ফ্যান্টাসি কিংডমে পিকনিক করতে আসে।

“তাদের একজন রাইডে চড়তে গেলে কর্মচারীর সঙ্গে দ্বন্দ্ব বাধে। অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা তাদের মারধর করে বলে শিক্ষার্থীদের দাবি।”

শিক্ষার্থীদের বরাতে তিনি বলেন, “আট শিক্ষার্থীকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

“হামলাকারীরা শিক্ষার্থীদের মোবাইল ফোন, টাকা ও ক্যামেরা লুট করেছে বলে শিক্ষার্থীদের দাবি।”

তবে কোনো পক্ষ পুলিশে অভিযোগ দেয়নি জানিয়ে তিনি বলেন, “পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।”

এ প্রসঙ্গে ফ্যান্টাসি কিংডমের মহাব্যবস্থাপক মেজর (অব.) মনজুর উদ্দিন আহমেদ বলেন, “এ বিষয়ে আমি কোনো কথা বলব না।”