ফরিদপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত
ফরিদপুরে এক ছাত্রদল নেতা ও যুবদলকর্মীকে কুপিয়ে আহত করেছে অজ্ঞাতপরিচয় লোকজন।
আহত জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৩০) ও যুবদলকর্মী নাহিদ খান সনেটকে (৩১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক স্বপন সাহা জানান, “তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।”
সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, শুক্রবার দুপুরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাড়ি যাচ্ছিলেন।
“পথে সরকারি রাজেন্দ্র কলেজের পূর্বপাশে কমলাপুর এলাকায় একদল যুবক হামলা চালায়। অটোবাইক থেকে টেনে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
বিএনপি নেতা কামাল এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, “আমার বাসায় বিএনপির কিছু নেতাকর্মী আসছিলেন নামাজ পড়তে। তাদের উপর হামলা হয়েছে।”
তবে পুলিশ এ ধরনের কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন সাংবাদিকদের বলেন, “থানায় এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।”
