বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা, ধরপাকড়
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে।
ঢাকার বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপিনেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজার রায় এলে তাকে কারাগারে পাঠানো হয়।
এর প্রতিবাদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে শুক্র ও শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
এ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন জেলায় দলের নেতাকর্মীদের পুলিশের বাধা, লাঠিপেটার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের আটকের ঘটনাও ঘটেছে।
জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
বাগেরহাট
শহরে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ বিএনপির পাঁচ নেতাকে পুলিশ আটক করেছে।
এরা হলেন- আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, দলের জেলা সহসভাপতি তরফদার আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, রামপালের মল্লিকেরবেড় ইউনিয়ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান ও জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক লোকমান হোসেন।
দলের জেলা সভাপতি এম এ সালাম বলেন, বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে নেতাকর্মীরা পুরাতন কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় জড়ো হলে আকষ্মিকভাবে পুলিশ ধাওয়া দেয়।
“পরে সেখান থেকে ধাওয়া করে পাঁচ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।”
বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, মিছিলের কারণে শান্তিশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
বগুড়া
জেলা শহরে যুবদলের মিছিল পুলিশ লাঠিপেটায় পণ্ড করেছে।
পুলিশের বেষ্টুনির মধ্যে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার বলেন, দুপুরে যুবদলের একটি মিছিল কাঁঠালতলা হয়ে শ্লোগান দিতে দিতে কার্যালয়ের দিকে যাচ্ছিল।
“এ সময় পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”
ফরিদপুর
ফরিদপুরে এক ছাত্রদল নেতা ও এক যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আহতরা হলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৩০) ও যুবদলকর্মী নাহিদ খান সনেট (৩১)।
তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
সাইফুল বলেন, দুপুর ২টার দিকে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা বিএনপি নেতা কামাল ইউসুফের বাড়ি যাওয়ার পথে সরকারি রাজেন্দ্র কলেজ এলাকায় হামলার শিকার হন।
হামলাকারীরা তাদের একটি অটোবাইক থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন বলেন, “এমন কোনো তথ্য আমার জানা নেই। থানাতেও এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।”
নেত্রকোণা
নেত্রকোণায় ৫৫২ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার পর কেন্দুয়া-চিরাং বাজার সড়কে কেন্দুয়ার কাশিপুর মোড়ে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা চালান। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
কেন্দুয়া থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার এসআই আবুল বাশার পুলিশের উপর হামলার অভিযোগে একটি, এসআই নুরুল আমীন দ্রুত বিচার আইনে একটি এবং নাশকতার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।
পুলিশ এসল্ট মামলায় ১ ৪৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫০ জন, দ্রুত বিচার ও নাশকতার দুই মামলার প্রত্যেকটিতে ৫২ জনের নামোল্লেখসহ ২৫ জন করে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে।
এসব মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
রাজশাহী
সন্ধ্যায় নগরীর নিউ মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতিকালে রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিকসহ দুইজন আটক করেছে পুলিশ।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, সারাদেশে জামায়াত-শিবিরের নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল বের করার জন্য তারা নিউ মার্কেট এলাকায় জড়ো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে এই এলাকায় অভিযান চালায়।
এ সময় আবু বকর সিদ্দিক ও আকাশকে আটক করা হয় বলে জানান ওসি।
বিএনপির মিছিল পণ্ড
প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজের পর সোনাদিঘী মসজিদের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে ব্যানার নিয়ে শতাধিক নেতাকর্মী দ্বিতীয় দফায় মিছিল বের করে মালোপাড়া মোড়ের দিকে এগুতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে বসে পড়ে দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।
এর আগে নগরের মালোপাড়ায় বিএনপির কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে দলটির নেতাকর্মীরা রাস্তার উপর দাড়িয়ে বিক্ষোভ সমাবেশ করে।
শেরপুর
বিকালে শহরের মাধবপুর লাহিড়ী কাচারি এলাকা থেকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ পলাশসহ যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভ মিছিল বের করার জন্য সমবেত হচ্ছিলেন বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ পলাশসহ চারজনকে ধরে সদর থানায় নিয়ে যায়। অন্য নেতাকর্মীরা পালিয়ে যান।
শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, দুই দিন আগের একটি নাশকতা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।পরে বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো হয়।
মাগুরা
শুক্রবার দুপুরে মাগুরার শালিখার আড়পাড়া থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আনিসুর রহমান মিল্টন নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ১৫১ ধারায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
কুমিল্লা
দুপুরে কুমিল্লা নগরের চর্থা এলাকায় পুলিশের ধাওয়া খেয়েও মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে হোচ্ছামিয়া স্কুলের সামনে পথ প্রতিবাদ সভা করেন তারা।
নওগাঁ
দুপুরে নামজের পর শহরের কাচারি সমজিদ থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
নরসিংদী
দুপুরে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে শহরের চিনিশপুর থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
শরীয়তপুর
শরীয়তপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল দুপুরে নামাজের পর কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।
সিলেট
সিলেটে কোনো গোলযোগ ছাড়াই কড়া নিরাপত্তায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জুম্মার নামাজের পর দরগা গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডের প্রতিবাদে
টাঙ্গাইলে পুলিশি বাঁধায় বিএনপি’র বিক্ষোভ কর্মসূচী প-
টাঙ্গাইল
সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেন।
