কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভে লাঠিপেটা, আটক ১৮
দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজার পর কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়েছে।
শুক্রবার দুপুরে শহরে এ ঘটনার সময় বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুপুরে শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী জমায়েত হন।
আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মসজিদের আশপাশে মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর সেখান থেকে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কিছুটা সামনে অগ্রসর হলে পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিপেটা শুরু করে। এরপর মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
আটকদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি একেএম রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেল, করিমগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বৌলাই ইউনিয়ন যুবদলের সভাপতি ফুল মিয়া, ছাত্রদল কর্মী জাকির হোসেন নাঈম, যুবদল কর্মী সুরাফ মিয়া, রফিকুল ইসলাম, ইলিয়াস আলী, মিঠু চৌধুরী, তুষার, মিনহাজ, সুমন, সাগর ও সোহাগ।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, কর্তব্যরত পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপের পরই পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণ করে এবং ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে।
এ ব্যাপারে জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমীরুজ্জামান বলেন, “সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে দমন-পীড়ন চালিয়েছে। আমি নিজেসহ অনেক নেতাকর্মী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে।”
