চরভদ্রাসনে কাবিটার কাজ হচ্ছে যন্ত্র দিয়ে
ফরিদপুরের চরভদ্রাসন ইউনিয়নে কাজের বিনিময়ে টাকা কর্মসূচির কাজ শ্রমিক দিয়ে করার কথা থাকলেও যন্ত্র দিয়ে করা হচ্ছে।
ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে গিয়ে বুধবার দেখা গেছে, শাহীন রহমান নামে এক লোক যন্ত্র দিয়ে মাটি কেটে রাস্তার কাজ করছেন।
শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ঝর্ণা আক্তারের কাছ থেকে আমি এক লাখ ২০ হাজার টাকায় চুক্তি নিয়ে রাস্তা বানচ্ছি।”
তিনি ৫০০ মিটার রাস্তার এই কাজটি করছেন বলে জানান।
ইউপি সদস্য ঝর্ণা আক্তার বলেন, “লেবার পাইনি। তাই যন্ত্র দিয়ে কাজ করার জন্য চুক্তি করেছি।”
২০১৭-১৮ অর্থবছরে গ্রামীণ অবোকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় এই ইউনিয়ন পরিষদে চার লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
