জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দেয় নাই, দেবেও না: কাদের
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে বিএনপি আন্দোলনের হুমকি দিলেও জনগণ তাদের ডাকে সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতির মামলার রায়ের আগের দিন বুধবার দুপুরে পাবনায় আওয়ামী লীগের কর্মীসভায় একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, “আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত এখন আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয় নাই, ভবিষ্যতেও দেবে না।”
তাদের আন্দোলনের হুমকি অচিরেই ফাঁকা বুলিতে পরিণত হবে মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, “রায়কে আমরা পাত্তা দেই না বলেই পাবনায় এসেছি, কাল জননেত্রী শেখ হাসিনা বরিশাল যাচ্ছেন, তার সাথে আমিও যাচ্ছি।”
তিনি বলেন, “বিশ্বের কোথায় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন হয় না। ভারতের জয়ললিতার মত বড় নেতার বিরুদ্ধে আদালতের রায় হলেও সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। বিএনপির হুমকিকে আওয়ামী লীগ পাত্তা দেয় না।”
আওয়ামী লীগ বিএনপি থেকে অনেক এগিয়ে আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “কেননা আমাদের জননেত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম ভাঙ্গে ভোর ৫টায়, কাজ শুরু করেন সকাল ৬টা থেকে। অথচ বিএনপির ম্যাডাম খালেদা জিয়ার ঘুম ভাঙ্গে সকাল ১১টায়, কাজ শুরু করেন বেলা ১২টায়।
“তাদের থেকে আমরা ছয় ঘণ্টা এগিয়ে আছি।”
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। ভাষণ নয় অ্যাকশনে বিশ্বাসী। তবে সেই অ্যাকশন বিএনপি জামায়াতের মতো জ্বালাও পোড়াও নয়।
“বর্তমানে আওয়ামী লীগে নেতার অভাব নেই, যেখানে যাচ্ছি সেখানেই এমপি প্রত্যাশীদের বিলবোর্ড। মনে হচ্ছে আওয়ামী লীগ নেতা তৈরির কারখানায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ নেতা তৈরি নয়, কর্মী তৈরির কারখানা চায়।”
এমপি মনোনয়নে ব্যর্থ হয়ে বিদ্রোহ করলেই তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের পরিচালনায় কর্মী সমাবেশে ওবায়দুল কাদের ছাড়াও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুর রহমান আরজুসহ স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য দেন।
