কক্সবাজারে ফ্রান্সের নাগরিকের মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মাণাধীন এলএনজি গ্যাস স্টেশনে কর্মরত ফ্রান্সের এক নাগরিকের মৃত্যু হয়েছে।
মস্তিষ্কে রক্তক্ষরণে মাইকেল রোনাল (৪৮) নামের এই বিদেশির মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় নির্মাণাধীন এলএনজি গ্যাস স্টেশনে কাজ করতেন যন্ত্রবিদ রোনাল। মঙ্গলবার রাতে খাবার খেয়ে স্টেশন সংলগ্ন আবাসস্থলে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ৮টা পর্যন্ত তার সাড়া না পাওয়ায় সেখানকার লোকজন পুলিশে খবর দেয়।
“পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানায় শুয়ে থাকা রোনালকে মৃত অবস্থায় পেয়েছে। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
