রাবি কলেজ অধ্যক্ষকে মারধর করে স্কুলছাত্র কারাগারে
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে মারধর করায় এক স্কুলছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।
দশম শ্রেণির এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক সহযোগী অধ্যাপকের ছেলে।
কলেজের অধ্যক্ষ শফিউল আলম বলেন, “স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ওই শিক্ষার্থী বাদ পড়ার পরও খেলায় অংশগ্রহণের দাবি করে। আমি অপরাগতা প্রকাশ করি। পরে সোমবার রাতে আমার অফিসে এসে খেলা বন্ধ করে দিতে বলে। আমি রাজি না হওয়ায় সে অশালীন ভাষায় গালিগালাজ করে আর কিল-ঘুষি মারে।”
তাকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করে তার বাবা বাধ্যতামূলক বদলিপত্র না দেওয়ার জন্য আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন, “আবেদনপত্রটি আমরা বিবেচনায় রেখেছি। মিটিংয়ে সিদ্ধান্ত হবে।”
ওই শিক্ষার্থীর বাবা এ বিষয়ে সাংবাদিককে কিছু বলতে চাননি।
মতিহার থানার ওসি মেহেদি হাসান বলেন, শিক্ষক মারধরের ঘটনা জানতে পেরে পুলিশ রাতেই তাকে আটক করে। পরে অধ্যক্ষ মামলা করেছেন। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
