ফরিদপুরে দায়ের কোপে মা নিহত
ফরিদপুরে তরুণ ছেলের দায়ের কোপে ৫৫ বছর বয়সী এক মায়ের মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা শহরের উত্তর আলীপুর এলাকায় নিজের বাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আমেনা খাতুন ওই এলাকার আটোরিকশা চালক মোজাহের শেখের স্ত্রী।
এলাকাবাসী জানান, রিকশাভ্যান চালক আক্কাস শেখ (২৮) সকালে মা আমেনার কাছে টাকা চান। না দেওয়ায় দা দিয়ে মাথায় কোপ মারলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি নাজিম বলেন, খুনি আক্কাস পালিয়ে গেছে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। কয়েকদিন আগে সে জামিনে ছাড়া পায়। তাকে আবার আটকের চেষ্টা চলছে।
একই থানার এসআই মো. ফরহাদ হোসেন জানান, তার বিরুদ্ধে থানায় হত্যা মামালা প্রক্রিয়াধীন।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
