সিলেটে বিএনপির ৩৭ নেতাকর্মী আটক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরের আগে অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার জানান।
আটককৃতদের মধ্যে বিশ্বনাথে চার জন, কানাইঘাটে চারজন, গোলাপগঞ্জে পাঁচজন, ওসমানীনগর, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও বালাগঞ্জে তিনজন করে, বিয়ানীবাজারে দুইজন এবং ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করে।
আটককৃতরা বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ।
এদের মধ্যে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর ছাত্রদলকর্মী জাহাঙ্গীর হোসেন জাকির, সাজু আহমেদ ও রায়হান আহমেদ, বিশ্বনাথের অলঙ্কারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সুফিয়ান, খাজাঞ্জি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ রয়েছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, “খালেদা জিয়ার সিলেট সফর মানুষকে জানাতে মাইকিং করার অনুমতি পর্যন্ত দেয়নি পুলিশ প্রশাসন। এখন নেতাকর্মীদের গ্রেপ্তার করে তার আসাকে বানচালে ব্যস্ত রয়েছে পুলিশ।”
