দেশে ২৮টি হাইটেক পার্ক হচ্ছে: পলক
সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার সিলেটের কোম্পানিগঞ্জে নির্মাণাধীন হাইটেক পার্কের আইটি বিজনেস সেন্টার এবং ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন।
পলক সাংবাদিকদের জানান, দেশে প্রতি বছর সাড়ে তিন কোটি মোবাইল ফোন এবং পাঁচ লাখ ল্যাপটপ আমদানি করতে হয়, যার জন্য খরচ হয় প্রায় ১০ হাজার কোটি টাকা।
“হাইটেক পার্ক নির্মাণ হলে দেশেই মোবাইল ফোন এবং ল্যাপটপ উৎপাদন সম্ভব হবে। এতে দেশের এক বিলিয়ন ডলার সাশ্রয় হবে।”
সিলেটের নির্মাণাধীন হাইটেক পার্কটির কাজ শেষে এখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানান পলক।
প্রতিমন্ত্রী জানান, সরকারের রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিভাগীয় ও জেলা পর্যায়ে হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১৬২ দশমিক ৮৩ একর জমির ওপর এই পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে। ১৩৪ কোটি দুই লাখ ৬১ হাজার ৫৬ টাকা ব্যয়ে দেশের দ্বিতীয় হাইটেক পার্কটি নির্মিত হচ্ছে বলে তিনি জানান।
২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক সচিব হোসনে আরা বেগম (এনডিসি), সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি খন্দকার শিপার আহমদ, প্রকল্প পরিচালক মোহাম্মদ গোলাম সারোয়ার ভুঁইয়া প্রমুখ।
