২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল ও নারায়ণগঞ্জে বিএনপির ২২ জন আটক

নাশকতার আশংকায় নড়াইলে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 11:32 AM

Updated : 19 Aug 2022, 01:33 PM

আটক জুলফিকার আলী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র।

নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান রোববার ভোরে শহরের আদালতপুরের বাসা থেকে তাকে আটক করা হয়।

“নাশকতার আশংকা থেকে জুলফিকার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।”

এদিকে নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র দেওয়ান আবুল বাশার বাদশাসহ বিএনপির ২১ জনকে রোববার আটকের কথা জানিয়েছে পুলিশ।

নাশকতার আশংকায় শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান।

আটক অন্যদের মধ্যে দাউদপুর ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলাম, সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক লুৎফর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি  সামছুক হক সরকার, পৌর বিএনপি নেতা আলমগীর, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা ওমর ফারুক, সোহেল রহমান রয়েছেন।