এক বছরে হাফিজ হয়েছিল রংপুরে নিহত তালহা
রংপুরে নিখোঁজের দুই দিন পর যে কিশোরের লাশ মসজিদ থেকে উদ্ধার করা হয়, সে ১৩ বছর বয়সে এক বছরে হাফিজ হয়েছিল বলে তার শিক্ষক জানিয়েছেন।
জেলা শহরের রহমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শামসুল হক বলেন, নিহত তানভীর আব্দুল্লাহ তালহা গত বছর তাদের মাদ্রাসায় ভর্তির পর এক বছরের মধ্যে হাফিজ হয়।
“মাদ্রাসার রীতি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি পাগড়ি পরিয়ে তাকে হাফিজ স্বীকৃতি দেওয়ার কথা ছিল।”
তালহা বুধবার বিকালে নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাতে মাদ্রাসা সংলগ্ন ভগিবালাপাড়া জামে মসজিদের দোতালার তালা ভেঙে চটে মোড়ানো মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার বেলা ১২টায় একই মসজিদের টয়লেটের ট্যাংক থেকে লাল কাপড়ে মোড়ানো মাথা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি বাবুল মিঞা বলেন, তালহার বাবা খানজাহান আলী রংপুর সেনানিবাসে সার্জেন্ট পদে কর্মরত। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তিনি ওই মাদ্রাসার কাছেই ভাড়া বাসায় থাকেন। তিন সন্তানের মধ্যে তানভীর সবার বড় ছিল।
“তানভীরকে হাফিজ বানানোর জন্য এক বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি করান। তানভীর মাদ্রাসার বোর্ডিংয়ে থাকলেও খাবার খেত বাসায় গিয়ে।”
বুধবার বিকালে নাশতা খাওয়ার জন্য বাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় তালহা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করা হলেও এখনও খুনি শনাক্ত করতে পারেনি পুলিশ। খুনের উদ্দেশ্যও জানতে পারেনি।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার উদ্দেশ্য ও খুনের সঙ্গে কে বা কারা জড়িত তা শিগগিরই বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।”
আটককৃতরা হলেন - ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মেহেদী হাসান, সহকারী শিক্ষক হাফেজ ইমরান হোসেন, ছাত্র আজহার আলী, মানিক মিয়া, রেজাউল করিম, আরমান হোসেন, ফেরদৌস আহমেদ, মসজিদের মুয়াজ্জিন তাজকিরুল ইসলাম ও খাদেম নাজমুল হক।
ওই মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আবু বক্কর বলেন, “মসজিদের দোতালার চাবি মুয়াজ্জিন তাজকিরুলের কাছে থাকে। শুধু শুক্রবার জুমার নামাজের জন্য দোতালার দরজা খুলে দেওয়া হয়। বন্ধ ঘরে কিভাবে লাশ গেল, কারা রাখল ভেবে পাচ্ছি না।”
এলাকাবাসী এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছে।
সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গাফফার বলেন, “ফুলের মত নিষ্পাপ একটি শিশুকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
