কোনো তত্ত্বাবধায়ক সরকার সুবিচার করেনি: এরশাদ
কোনো তত্ত্বাবধায়ক সরকারই জাতীয় পার্টির প্রতি সুবিচার করেনি মন্তব্য করে দলটি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সংবিধান অনুযায়ীই তার দল নির্বাচনে অংশ নেবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, কোনো তত্ত্বাবধায়ক সরকারই সুবিচার করেনি।”
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির জোট নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো জোট নেই, ভবিষ্যতে কী হবে সেটা বলা যাচ্ছে না।
শুক্রবার থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা শুরু হবে জানিয়ে এরশাদ বলেন, “সবার আগে সিলেটে এসেছি, সিলেটবাসীর ভালোবাসা নিতে। হযরত শাহজালালের দোয়া নিতে। আশা করছি দোয়া কবুল হবে এবং আগামী নির্বাচনে আমরা ভালো করব।”
পরে তিনি হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, সংসদ সদ্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ
