কুমিল্লায় তরুণীর লাশ উদ্ধার
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার শহীদপুর এলাকার কুমিল্লা-নোয়াখালী সড়কের পাশে লাশটি পাওয়া যায় বলে সদর দক্ষিণ থানার এসআই অঞ্জন কুমার সাহা জানান।
মেয়েটির বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাতে এসআই অঞ্জন বলেন, স্থানীয়রা কুমিল্লা-নোয়াখালী সড়কের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
মেয়েটির গলায় ওড়না পেঁচানো ছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
