২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্স টুডে: ‘খাবারের বিল চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা’

কক্সবাজারের হোটেল কক্স টুডেকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করার পর হোটেল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সরকারি অনুষ্ঠানে খাবার সরবরাহ বাবদ বকেয়া বিল চাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 10:38 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

তবে জেলা প্রশাসন বলছে, জরিমানার কারণে সুনাম ক্ষুণ্ন হওয়ায় হোটেল কর্তৃপক্ষ এই অপপ্রচার চালিয়ে সুনাম রক্ষার চেষ্টা করছে।

মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার এই হোটেলটিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় সে সময় বলেছিলেন, “বাইরে আভিজাত্যের মোড়ক থাকলেও হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা গেছে।

“তাছাড়া খাবার মূল্যতালিকা না দেখানো এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে তারা পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে।”

বুধবার সন্ধ্যায় হোটেলটিতে সংবাদ সম্মেলন করে এই বিচারের প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে কক্স টুডের সিকিউরিটি ম্যানেজার তপন কুমার চক্রবর্তী বলেন, গত ৩১ ডিসেম্বর সমুদ্রসৈকতে জেলা প্রশাসনের অনুষ্ঠানে খাবার সরবরাহ করে হোটেল কক্স টুডে।

“খাবারের বিল হয় ৩৫ হাজার টাকা। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়ের কাছে বিল নিয়ে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। বিল দিতে অস্বীকৃতি জানান। তিনি ‘কক্স টুডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে’ বলে দেখে নেওয়ার হুমকি দেন।”

বিল পরিশোধ নিয়ে পূর্বরোষ থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয় বলে দাবি করেন হোটেল কক্স টুডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসাইন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়।

তিনি বলেন, “বিল পরিশোধ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ অপপ্রচার। জরিমানার কারণে সুনাম ক্ষুণ্ন হওয়ায় তারা এই অপপ্রচার চালাচ্ছে।

“হোটেল কর্তৃপক্ষ বিল নিয়ে আসার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষ না হওয়ার কথা জানিয়েছিলাম। জাপান সফরে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) দেশে এলে বিল পরিশোধ করা হবে -এটাই বলেছিলাম।”

কক্স টুডেতে কোনো প্রকার ক্ষোভ-রোষ থেকে অভিযান চালানো হয়নি দাবি করে তিনি বলেন, এটা প্রশাসনের নিয়মিত অভিযানেরই অংশ। জেলা প্রশাসনের মাসব্যাপী অভিযান সূচি হিসেবে এ অভিযান চালানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) কাজি আব্দুর রহমান বুধবার জাপান থেকে ফিরেছেন বলে জানান তিনি।

পুরনো খবর:

কক্স টুডে হোটেলকে লাখ টাকা জরিমানা