২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে গ্রেপ্তারের পর পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঢাকা থেকে গ্রেপ্তার এক ‘চরমপন্থি নেতা’ পাবনার ঢালারচরে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 10:16 AM

Updated : 19 Aug 2022, 01:31 PM

মঙ্গলবার রাত ২টার দিকে বেড়া উপজেলা ঢালারচরের বালাজ মেম্বারের মোড় এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের ভাষ্য।

নিহত জুলহাস মণ্ডল পাবনার বেড়া উপজেলা ঢালারচর ইউনিয়নের দড়ির চর গ্রামের জসিম মণ্ডলের ছেলে।

পুলিশ বলছে, ৪২ বছর বয়সী জুলহাস পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পাতাক) একাংশের নেতা। নিজের নামে সন্ত্রাসী বাহিনী গড়ে পাবনা, রাজবাড়ী ও কুষ্টিয়া অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

জুলহাসের বিরুদ্ধে তিনটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা রবিউল জানান।

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার নিউ মার্কেট এলাকা থেকে জুলহাসকে গ্রেপ্তার করার পর তাকে পাবনার আমিনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।পরে পুলিশের একটি দল রাতেই তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। 

“বালাজ মেম্বারের মোড় এলাকায় পৌঁছানোর পর সেখানে অবস্থানরত জুলহাসের সহযোগীরা পুলিশের দিকে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি করে। ওই সময় জুলহাস পুলিশের গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন।”

পরে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, রাতের ওই ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান ও  সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বলেও জানান তিনি।