২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকশীতে রেলের নারী সহকর্মীকে ‘নির্যাতনের’ ঘটনায় বিক্ষোভ

‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়’ পাবনার পাকশীতে রেলের নারী সহকর্মীকে ‘নির্যাতনের’ ঘটনায় বিক্ষোভ করেছে রেল কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 09:12 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

পাকশীর ২ রেল কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে ‘নির্যাতনের’ অভিযোগ

মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ-সমাবেশ করেন তারা।

বিক্ষোভকারীরা রেলের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা রাফিউল ইসলাম ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলীর বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।  

এছাড়া অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপককে (ডিআরএম) দায়ী করেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলনে, এই ঘটনার বিষয়ে ডিআরএমকে অন্তত ১৫ দিন আগে ওই মেয়ের মা অবহিত করেছেন; কিন্তু অজ্ঞাত কারণে তিনি বিষয়টি চেপে গেছেন।

মেয়েটির মা অভিযোগ করেন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে বিভাগ পাকশীতে কর্মরত এক নকশা প্রণেতা গত বছরের ফেব্রুয়ারিতে যোগদানের পর থেকেই রাফিউল ইসলাম ও ইউনুস আলী তাকে অশ্লীল প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে কারণে অকারণে দূর-দূরান্তে পাঠানো হতো, বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।

সবশেষ গত রোববার বিকালে দূরের একটি কাজের কথা বললে তিনি অপারগতা প্রকাশ করেন। তারপর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে সংজ্ঞা হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে পাবনার পাকশীতে রেলওয়ে হাসপাতালে ভর্তি করান। এর তিন ঘণ্টা পর তার জ্ঞান ফেরে।

আরও বক্তব্য রাখনে, বাংলাদেশ রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আছমিদ্দনি সেন্টু, পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, সহ-সভাপতি গোলাম কিবরিয়া মধু, হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আজম বিশ্বাস, লাল প্রমুখ।

বক্তারা রাফিউল ইসলাম ও ইউনুস আলীর দৃষ্টান্তমুলক শাস্তি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।

বাংলাদেশ রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আছমিদ্দনি সেন্টু বলেন, “এই দুই কর্মকর্তার কাছে আমাদের সহকর্মী বোন অনিরাপদ। নিজ কর্মস্থলে যদি এ ধরনের যৌন নীপিড়নের স্বীকার হতে হয়, তাহলে এদেশের মা বোনেরা কি করে চাকরি করবে?”

এলাকাবাসী আব্দুল ওয়াদুদ বলেন, পাকশী রেল বিভাগের ভূমি শাখার কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে আর মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায়। এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। 

এই নারী কর্মচারীর সঙ্গে নানা ধরনের হয়রানিমূলক আচরণের ব্যাপারটি তার মা মৌখিকভাবে পশ্চিমাঞ্চলী রেলওয়ে বিভাগ পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে জানিয়েছিলেন বলে উল্লেখ করেন ওয়াদুদ।

এ বিষয়ে পশ্চিমাঞ্চলী রেলওয়ে বিভাগ পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বলেন, “আমি মাত্র কর্মস্থলে ফিরলাম, বিষয়টি নিয়ে খোজ খবর নিচ্ছি। একটি পক্ষ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ করেছে। আমরা সার্বিক বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।”

দুই কর্মকর্তা রাফিউল ইসলাম ও ইউনুস আলীকে ফোন করে পাওয়া যায়নি।