২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকশীর ২ রেল কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে ‘নির্যাতনের’ অভিযোগ

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নারী সহকর্মীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে পাকশীর দুই রেল কর্মকর্তার বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 08:54 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা রাফিউল ইসলাম ও ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন নকশা প্রণেতা পদে কর্মরত দুই নারী।

এর মধ্যে রোববার ‘নির্যাতনে’ সংজ্ঞা হারানোর পর একজনকে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক সুজিত কুমার রায় বলেন, হাসপাতালে ভর্তি করানোর সম তার জ্ঞান ছিল না। তিন ঘণ্টা পর জ্ঞান ফেরে।

“তিনি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। তার প্রচুর বিশ্রাম দরকার।”

হাসপাতালে ভর্তি হওয়া ওই রেল কর্মকর্তার মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়ে গত বছর ফেব্রুয়ারিতে যোগ দেওয়ার পর থেকেই ওই দুই কর্মকর্তা ‘কুপ্রস্তাব’ দিয়ে আসছিলেন।

“রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় কারণে-অকারণে দূর-দুরান্তে পাঠানো হয়। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। রোববার বিকেলে দূরের একটি কাজের কথা বললে আমার মেয়ে রাজি হয়নি। এ কারণে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।”

এতে তিনি সংজ্ঞা হারিয়ে ফেললে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।

এ বিভাগের অন্য এক নারী কর্মকর্তাও একই অভিযোগ করেছেন রাফিউল ও ইউনুস আলীর বিরুদ্ধে। তাদের কথাবার্তা মোবাইল ফোনে রেকর্ড করে রেখেছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলী বলেন, “ওই নারী কর্মকর্তা শারীরিকভাবেই দুর্বল। তাকে কোনো নির্যাতন করা হয়নি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।”

আর সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা রাফিউল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পশ্চিমাঞ্চলী রেলওয়ে পাকশীর ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বলেন, “বিষয়টি আমি শুনেছি। তবে আমি বর্তমানে কর্মস্থলের বাইরে অবস্থান করছি। কর্মস্থলে ফিরে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”