হত্যা ও গুম মামলার এক যুগ পর পাওয়া গেল মা-মেয়েকে
হত্যার পর গুমের মামলা দিয়ে স্বামীকে ফাঁসানোর এক যুগ পর বরিশালে এক নারী ও তার মেয়েকে জীবিত পাওয়া গেছে।
মঙ্গলবার সদর উপজেলার চরমোনাই এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বরিশাল সিআইডি পুলিশের পরিদর্শক মো. ফরিদুজ্জামান জানান।
এরা হলেন আহমদ উল্ল্যাহ মুন্সীর স্ত্রী জোৎসনা বেগম ও মেয়ে জিবা মনি।
এদের হত্যার পর গুম করা হয়েছে এমন অভিযোগে ২০০৭ সালের ৯ জুলাই আহমদ উল্যাহসহ ছয়জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি থানায় মামলা করেন জোৎসনার ভাই সরোয়ার খান।
মামলার বাদী সরোয়ার খানের বাসা থেকেই তাদের উদ্ধার করা হয় বলে জানান সিআইডির এ কর্মকর্তা।
পরিদর্শক ফরিদুজ্জামান বলেন, বোন ও ভাগ্নিকে হত্যার পর গুম করা হয়েছে এই অভিযোগে সরোয়ার খান থানায় মামলা করেন। পরে আহমদ উল্ল্যাহ মুন্সী ও তার ভাই শহীদ মুন্সীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
“কিন্তু মামলার ভিকটিমদের কোনো হদিস না পাওয়ায় ২০১৮ সালে ১ জানুয়ারি মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয় আদালত।”
