মারামারি করায় ৫ কর্মীকে পুলিশে দিল রাবি ছাত্রলীগ
নিজেদের মধ্যে মারামারি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের পাঁচ কর্মীকে পুলিশে দিয়েছে।
মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে মারামারির ঘটনায় সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পুলিশে তুলে দিয়েছেন।
আটককৃতরা হলেন - সাকিব আহমেদ, শহীদ হাসান, ফয়সাল আহমেদ, শাহাদাৎ ও নিতাই।
কয়েকজন ছাত্রলীগকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনের সামনে শাহাদাৎ ও নিতাইয়ের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়।
এর জেরে সোমবার আরও উত্তেজনা ছড়ায়। কয়েকজন মারামারিতে জড়ায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, পুলিশে দেওয়ার মাধ্যমে তাদের বার্তা দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
আর সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “নিজেদের মধ্যে গ্রুপিং করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তবে মারামারির এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
প্রক্টর লুৎফর রহমান বলেন, “ঘটনার পরপরই আমি গিয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে নিজেদের মধ্যে এ ধরনের মারধরের ঘটনা আর ঘটবে না।”
আটককৃতদের বিরুদ্ধে মামলা হবে কিনা সে বিষয়ে ছাত্রনেতারা কিছু বলেননি।
ওসি মেহেদী হাসান বলেন, “মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ অভিযোগ না করলে তাদের ছেড়ে দেওয়া হবে।”
