ফখরুল সাহেব পুটি মাছের মতো লাফান: আইনমন্ত্রী
খালেদা জিয়ার মামলায় রায়ের বিষয়ে কোনো মন্তব্য করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নানা দোষ ধরবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাত্র সমাবেশে তিনি বলেন, “কোর্টের কোনো বিষয় নিয়ে আমি কথা বলি না। মামলা কোর্টে বিচার হচ্ছে। দুই পক্ষের সাক্ষ্যসহ যুক্তিতর্ক হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের জন্যে কোর্ট তারিখ নির্ধারণ করেছে।
“বিচারক যে রায় দেবেন এতে আমার কোনো বক্তব্য নাই। আর আমি যদি কিছু বলি তাহলে দেখবেন ফকরুল সাহেব শুধু পুটি মাছের মতো লাফান। তিনি বলবেন এটা দোষ হয়েছে ওটা দোষ হয়েছে।”
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারিত রয়েছে। দোষ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্য চলছে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা এখন স্বাধীন। বাংলাদেশে ন্যায় বিচার আছে। এইজন্য আনিসুল হক রায়ের ব্যাপারে কিছু বলে না।
আগে যারা বাংলাদেশকে ভালোবাসে নাই, যারা কোনোদিন বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, যারা অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাট করেছে, সেই দলগুলি এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মনে করেন আনিসুল হক।
উপস্থিত ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “সেই দল যদি আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জয়লাভ করে তাহলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশ বলে কোনো দেশ থাকবে না।”
এ সময় তিনি ছাত্রদের হাত উঁচিয়ে শপথ করান, “আমরা কেউ দেশের সাথে বেঈমানি করব না। আমরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানাব।”
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, কোর্ট নির্বাচন স্থগিত করেছে, বিএনপি বলছে আইন মন্ত্রণালয় স্থগিত করিয়েছে। এটা পাগল ব্যক্তি ছাড়া কেউ বলতে পারে না।
বিএনপি এমন বলে; কারণ তারা তাদের সময়ে এমন কাজ করেছে, বলেন আনিসুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার জীবন, পৌর মেয়র এমরানউদ্দিন জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়ার উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩৮ জনকে পুরস্কার দেওয়া হয়।
