১০ টাকার চাল বরাদ্দে অনিয়ম, পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ক্ষমতার অপব্যবহার করে হতদরিদ্রের জন্য বরাদ্দ চাল স্বচ্ছল ব্যক্তিদের বিতরণের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বাউফল থানায় মামলা দায়েরের পর পটুয়াখালী শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গির আলম জানান।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার ও ট্যাগ অফিসার বাউফল উপজেলা সাবেক নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাহাঙ্গির আলম বলেন, ২০১৬ সালে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল বিতরণের তালিকায় জালিয়াতির আশ্রয় নিয়ে ২৩৩ জন স্বচ্ছল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেন আসামিরা।
তাদের নামে বরাদ্দকৃত ৬ হাজার ৯৯০ কেজি চাল অনিয়মিত বিতরণের অভিযোগ তদন্তের পর মামলা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
