২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ডাকাতদের মারধরে’ পাথর শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদীতে পাথরবোঝাই একটি ট্রলারে ডাকাতদের হামলায় এক শ্রমিক নিহত হয়েছেন।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 01:29 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

রোববার ভোরে সরাইল উপজেলার উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান।

নিহত সারোয়ার হোসেন (২৪) ওই গ্রামের হারুন মিয়ার ছেলে। তিনি পাথর শ্রমিক ছিলেন।

সারোয়ারের স্বজনরা বলেন, ঢাকা থেকে পাথর নিয়ে কয়েকজন শ্রমিক একটি ট্রলারে করে সুনামগঞ্জের ছাতকে যাচ্ছিল। পথে ৭/৮ জন ‘মুখোশধারী ডাকাত’ ট্রলারের গতিরোধ করে শ্রমিকদের মারধর করে।

পরে তাদের টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের মারধরে চারজন আহত হয়। সারোয়ারকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয় বলে জানান তারা।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি মফিজ উদ্দিন জানান।