২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গুলিতে ‘ডাকাত’ আহত

লক্ষ্মীপুরে ‘ডাকাতির প্রস্ততির সময়’ পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 04:00 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই কামরুল জানান।

আহত বেলজিয়াম সুমনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তালিকাভুক্ত ডাকাত বলে পুলিশ জানিয়েছে।

এসআই কামরুল বলেন, বিনোদপুর গ্রামে কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।এ সময় টহলরত পুলিশ সদস্যদের দেখে তারা গুলি করে।পুলিশও পাল্টা গুলি করে।এ সময় সুমন গুলিবিদ্ধ হয়।  

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান কামরুল।

হাসপাতালে চিকিৎসাধীন বেলজিয়াম সুমন সাংবাদিকদের বলেন, নানার বাড়ি থেকে ফেরার পথে একটি দোকান থেকে পুলিশ তাকে আটক করে। পরে পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে।