রাবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিতে ‘অস্বচ্ছতা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন এক ছাত্রসহ কয়েকজন শিক্ষক।
সজীব চন্দ্র বর্মণ নামে এক শিক্ষার্থী বৃহস্পতিবার অনুষদে এসে ভর্তি হতে না পারলে প্রক্রিয়াটির সমালোচনা শুরু হয়।
এই অনুষদে তিনটি অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয় খালি আসনের বিপরীতে। চতুর্থ অপেক্ষমাণ তালিকা একই প্রক্রিয়ায় না করে ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফোন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোফাজ্জল হোসেন বলেন, “ফোনে ওই শিক্ষার্থী ভর্তি হবে বলে নিশ্চিত করলে চতুর্থ অপেক্ষমাণ তালিকায় তার নাম রাখা হয়। ভর্তি হবে না বললে বা ফোন রিসিভ না করলে তাকে বাদ দিয়ে তালিকা করা হয়।”
শিক্ষকদের অভিযোগ, কোনো কারণে ওই শিক্ষার্থী ফোন রিসিভ করতে না পারলে কী হবে?
কয়েকজন শিক্ষক নাম না জানিয়ে বলেন, কর্তৃপক্ষ কাকে ফোন করল আর কাকে করল না, এটা তো সবার জানার কথা না। কাউকে ভর্তি না করার জন্য ফোন করে ভুল তারিখ বলা হতে পারে।
সজীব চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে ফোন করে ২৫ তারিখে ভর্তি হতে বলা হয়। ২৫ তারিখে আসলেও আমাকে ভর্তি করা হয়নি।
“অন্য কোনো পছন্দের প্রার্থীকে সুযোগ দিতেই আমাকে ভুল তারিখ বলা হয়েছে। যদি ভুল তারিখ না বলা হত, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ২৪ তারিখেই আমি ভর্তি হতে আসতাম।”
ভর্তির দিন ২৪ তারিখ হলেও সজীবকে কেন ২৫ তারিখ বলা হয় এ বিষয়ে মোফাজ্জল হোসেন বলেন, “কেন ২৫ তারিখ বলা হয়েছিল এই মুহূর্তে তো আমার মাথায় সেটা সেট করা নেই।”
এ বিষয়ে সামাজিক অনুষদের ডিন ফয়জার রহমান বলেন, “আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব নিয়ে ভর্তির কাজগুলো করেছি। সজীবের সঙ্গে যা ঘটেছে তা কোনো অনিয়ম করার জন্য বা কাউকে ডিপ্রাইভ করার জন্য করা হয়েছে বলে আমার মনে হয় না।”
অনুষদের কয়েকজন শিক্ষক ফোন করার পদ্ধতির সমালোচনা করে বলেন, ভর্তি কার্যক্রম হবে অনলাইনে নোটিশের মাধ্যমে। ফোন করার প্রক্রিয়াটা বিভ্রান্তি ছড়াচ্ছে। অস্বচ্ছতা থাকতে পারে। এটা ঠিক না।
তবে মোফাজ্জল হোসেন বলছেন, “কোনো অস্বচ্ছতা নেই। মাত্র দুটি আসন ছিল বলে ফোন করে নিশ্চিত হতে চেয়েছি।”
এ বিষয়ে উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, “আমি বিষয়টি শুনেছি। যে শিক্ষার্থীর সঙ্গে এমনটি হয়েছে, সে যদি বিষয়টি উল্লেখ করে ডিনের কাছে আবেদন করে, তার ভর্তির বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
