২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে সহকর্মীকে ছুরি মেরে খুনের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সহকর্মী শ্রমিজককে ছুরি মেরে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 11:00 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

শ্রীপুর থানার এসআই আবুল হাসান জানান, বুধবার সকালে উপজেলার দোখালা বাজার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী (২০) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আব্দুল বাহারপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার দোখালা এলাকায় পারফেট্টি ভ্যান মেল নামে একটি চকলেট কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।

এসআই হাসান স্থানীয়দের বরাতে বলেন, রব্বানীর সঙ্গে তার সহকর্মী রাকিব হাসানের (২৩) টাকা-পয়সা নিয়ে বিরোধ ছিল।

“সকাল ৬টার দিকে রব্বানী কারখানা ছুটির পর বাসায় যাচ্ছিলেন। এ সময় রাকিবসহ দুই-তিনজন তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। খবর পেয়ে কারখানার লোকজন তাদের নিজস্ব গাড়িতে করে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”

কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস।

তিনি বলেন,“তার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”

পুলিশ নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে এসআই হাসান জানিয়েছেন।