২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ক্যান্টনমেন্ট কলেজের ল্যাব সহকারী বিস্ফোরকসহ আটক

জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ল্যাব সহকারীকে বিস্ফোরকসহ আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 10:16 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, যশোর শহরের বিমানবন্দর সড়ক থেকে জহুরুল ইসলাম রনিকে (৩৭) আটক করা হয়। এ সময় তার কাছে থাকা বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

জহুরুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি যশোর পুরতান কসবা চাকলাদার টাওয়ারের সামনে ওলিয়ার রহমানের বাড়ির ভাড়া বাসায় থাকেন।

বিস্ফোরক নিয়ে জহুরুল ওই সড়কে কী করছিলেন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে ঢাকার  পুলিশ হেডকোয়ার্টার ও এসবির কাছ থেকে খবর আসে, জহুরুল জেএমবিকে নানাভাবে সহযোগিতা করে আসছেন। সেই তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

“তার সঙ্গে জেএমবির সদস্য আব্দুল্লাহ ও হাসানের নিয়মিত যোগাযোগ রয়েছে। জহুরুল তাদের বিস্ফোরকদ্রব্য নিয়ে নানাভাবে সহযোগিতা করেছেন বলে স্বীকার করেছেন।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি মনিরুজ্জামান বলেন, যশোর এমএম কলেজ পুরনো হোস্টেল মসজিদে নামাজ আদায় করার সময় তিন-চার বছর আগে আব্দুল্লার সঙ্গে তার পরিচয় হয়।

“জহুরুল সালফিউরিক ড্রাইক্যামিকেল, নাইট্রিক ড্রাইক্যামিকেল পাউডার, কপার সলফেট, অ্যামেনিয়াম কার্বোরাইট, সোডিয়াম কার্বোনেটসহ বিভিন্ন কেমিক্যাল যশোর সিটি কলেজ মার্কেটের ‘হালিম সায়েন্টিফিক’ নামের দোকান থেকে কিনে জঙ্গিদের দিয়েছেন। কেনার জন্য জহুরুল কলেজের অনুমতিপত্র ব্যবহার করেছেন।”

জেলা গোয়েন্দা পুলিশের এসআই জামিল আহমেদ এ ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছেন বলে জানান ওসি মনিরুজ্জামান।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান বলেন, “আদালত জহুরুলকে কারগারে পাঠানোর আদেশ দিয়েছে। তাকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে।