২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে: নাসিম

বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভোটারদের বুঝে শুনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 09:11 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

নাসিম বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। তাই খুব বুঝে শুনে ভোট দিতে হবে।

“খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতুতে নাকি উঠা যাবে না। পদ্মা সেতুর কাজ শুরু নয় শেষও হবে শেখ হাসিনার অধীনেই।

খালেদা জিয়া ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেবেন মন্তব্য করেন তিনি।

বিএনপি নেত্রীর জন্য পদ্মা সেতুতে টোল ফ্রি করে দেওয়া হবে বলেও এ সময় রসিকতা করেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।  

আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, উচ্চ আদালতের রায়ের পর তত্ত্ববধায়ক সরকার মরে গোরস্থানে চলে গেছে।তা আর কোনো দিন আরে ফিরে আসবে না।

“আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে।আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সংবিধানের বাইরে কিছু হবে না।”

নির্বাচনকালীন সহায়ক সরকার বলতে দুনিয়াতে কোনো কিছু নাই মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।আর খালেদা জিয়া ও তার দল সেই নির্বাচনে আসবেই।

“অন্যথায় বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।”

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধূরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এমএ মোহী প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা পরিষদের পাশের পাঁচ একর জমি অধিগ্রহণ শেষে ২০১৪ সালে ৯ নভেম্বর ৫০ শয্যার এ হাসপাতাল নির্মাণ শুরু হয়।