২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপ, তিন যুবকের কারাদণ্ড

কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে এক যুবককে ১৪ বছর ও আরও দুইজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 07:16 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

১৪ বছর দণ্ডপ্রাপ্ত হাফিজ (২২) খোকসা উপজেলার নিশ্চিন্ত বাড়িয়া গ্রামের হাবিল সেখের ছেলে।

সাত বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের জালাল বিশ্বাসের ছেলে রাজিব (২৩) ও শাজাহানের ছেলে জুয়েল (২৪)।

কারাদণ্ডের পাশাপাশি হাফিজকে ৫০ হাজার টাকা এবং রাজিব ও জুয়েলকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে সরকার পক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, একই গ্রামের কামরুল সেখের মেয়ে দশম শ্রেণির ছাত্রী কাকলীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো প্রতিবেশী হাফিজ। এ পরিস্থিতিতে কাকলীকে পাশের গ্রামে বিয়ে দেয় তার বাবা।

“এতে ক্ষুব্ধ হয়ে সহযোগী রাজিব ও জুয়েলকে নিয়ে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর রাতে শ্বশুর বাড়িতে ঘুমন্ত অবস্থায় কাকলীকে এসিড নিক্ষেপ করে হাফিজ।”

এ ঘটনায় কাকলীর বাবা কামরুল সেখ বাদী হয়ে তিনজন আসামি করে এসিড অপরাধ দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ নভেম্বর ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।