২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তালাক দেওয়ায় স্ত্রীর ‘রগ কাটল প্রাক্তন স্বামী’

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীর হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 10:28 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ঝাউয়াদি গ্রামের মজনু মিয়ার (৪৫) বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তার প্রাক্তন স্ত্রী।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালমা নূর বলেন, ধারালো কোনো কিছু দিয়ে ওই নারীর হাতের রগ কাটা হয়েছে।

“দুই গালেও একই রকম আঘাত রয়েছে। জখমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

চিকিৎসাধীন অবস্থায় ২৮ বছর বয়সী এই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামীকে তালাক দেওয়ার পর তিনি শ্রীপুর উপজেলার বরামা জাম্বুরীটেক এলাকায় বাবার বাড়িতে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

যৌতুক দিতে না পারায় মজনু তাকে নির্যাতন করতেন দাবি করে তিনি বলেন, “এ কারণে তার সংসার ছেড়ে বাবার বাড়ি চলে আসি। গত চার মাস আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাকে তালাকপত্র পাঠাই।

“সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশীর ঘরে টিভি দেখছিলাম। এ সময় এ বাড়িতে পুরুষ লোক কেউ ছিল না। মজনু এসে ক্ষুর দিয়ে আমার গলায় আঘাতের চেষ্টা করে। ঠেকাতে গেলে বাঁ হাতের বিভিন্ন জায়গায় পোচ দিয়ে জখম করে। এক পর্যায়ে দুই গালে পোচ দিয়ে পালিয়ে যায়।”

তবে মজনু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজের হাত ও গাল নিজে কেটে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।”

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, “এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে নারী আহতের খবর শুনে পুলিশ উদ্যোগী হয়ে আইনি প্রক্রিয়া চালাচ্ছে।”