পাবনায় নিখোঁজ যুবকের মস্তক উদ্ধার
পাবনার সাঁথিয়ায় তিন মাস আগে নিখোঁজ এক যুবকের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার করমজা ইউনিয়নের খয়েরবাগান গ্রামের একটি ডোবা থেকে মাথাটি উদ্ধার করা হয় বলে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর জানান।
নিহত আবু সাইদ (২৭) ওই ইউনিয়নের আতিয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে।
গ্রেপ্তাররা হলো ওই গ্রামের ফকরুল, রাজীব ও শামীম। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সুপার জিহাদুল বলেন, গত ৩০ অক্টোবর সাইদ নিখোঁজ হন। তার বাড়ির লোকজন গত ৪ ডিসেম্বর সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ প্রথমে রাজিব এবং পরে শামীম ও ফকরুলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, ফকরুলের স্ত্রীর সঙ্গে সাইদের প্রেমের সম্পর্ক ছিল সন্দেহে ফকরুল তাকে হত্যার পরিকল্পনা করেন।
সাইদকে মেরে ফেলতে রাজীব, শামীমসহ কয়েকজনকে দুই লাখ টাকা দেন ফকরুল।
গত ৩০ অক্টোবর সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে সাইদকে হত্যা করা হয়। এরপর ফকরুলের কথামত হত্যাকারীরা সাইদের মস্তক বিচ্ছিন্ন করে বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, সাইদের দেহ পাওয়া যায় নি।এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ।
