হবিগঞ্জে র্যাবের সঙ্গে গোলাগুলি, ৩ ‘ডাকাত’ গুলিবিদ্ধ
হবিগঞ্জের চুনারুঘাটে গোলাগুলির পর নয় ‘ডাকাতকে’ আটক করেছে র্যাব, যাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
চুনারুঘাট পৌর এলাকার বাগবাড়ী এলাকায় সোমবার গভীর রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি কাটার, দুইটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়েছে।
গুলিবিদ্ধ তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা র্যাবের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান।
র্যাব কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। রাত ৩টার দিকে গোপন সূত্রে এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
“এ সময় র্যাবের সঙ্গে গোলাগুলিতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।”
