লক্ষ্মীপুরে শিশুর লাশ, সৎবাবা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড সন্দেহে পুলিশ তার সৎবাবাকে আটক করেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, সোমবার বিকেলে সদর উপজেলার টুমচর গ্রামের একটি নালার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মামুন (১১) ওই গ্রামের রুহুল আমিনের ভাগনে।
রুহুল আমিন বলেন, তার বোন সুমির প্রথম স্বামী ছিলেন বরিশালের আবু সিদ্দিক। ছাড়াছাড়ির পর লক্ষ্মীপুরের মাসুদকে বিয়ে করেন।
“মাসুদের আরেকটি স্ত্রী থাকায় সুমি আমাদের সঙ্গে থাকে। মামুন সুমির আগের সংসারের ছেলে হওয়ায় এ নিয়ে মাসুদের সঙ্গে সুমির পারিবারিক কলহ চলছিল। এর জেরে মাসুদ তাকে হত্যা করতে পারেন।”
নিহত মামুনের বাবা আবু সিদ্দিক চট্টগামে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আনোয়ারুল বলেন, নিখোঁজের একদিন পর লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আটক মাসুদকে জিজ্ঞাসাবাদসহ ঘটনা তদন্ত করছে।
