২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাদেবপুরে মাইক্রোবাস-ভটভটি সংঘর্ষে যুবক নিহত

নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত সাত জন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 10:21 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের শিবরামপুর মোড়ে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিনেশ চন্দ্র সাহা (৩৫) দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালক।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মার্কেটাইল ব্যাংকের মাইক্রোবাসটি মহাদেবপুর থেকে নওগাঁ যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ভটভটির (স্যালো ইঞ্জিন চালিত যান) সঙ্গে সংঘর্ষ হয়।

“এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক দিনেশ চন্দ্র সাহা নিহত হন।”

আহতদের মধ্যে ভটভটি চালক মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের খোকন আলী (৪৫), যাত্রী একই গ্রামের রেজানুর নবী (৪০), হাসান আলী (৪৫), বাজিতপুর গ্রামের মহসিন আলী (৪০) ও চকদৌলত গ্রামের জামাল উদ্দীনকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া উত্তরগ্রাম শাহপাড়ার আজাম উদ্দীন (৪৫) ও উত্তরগ্রাম পূর্বপাড়ার মেছের আলীকে (৫০) মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনা কবলিত মাইক্রোবস ও ভটভটি আটক করা হয়েছে।